প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৬, ২২:৫৯
গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার সকাল থেকে লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়াল, টেটা ও বল্লম হাতে শহরে এই তাণ্ডব চালানো হয়। এ সময় গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলকের জায়গায় আগের নামের ব্যানার টাঙানো হয়, সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় এবং ককটেল বিস্ফোরণ করা হয়। সেই সঙ্গে এদিন সন্ধ্যায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়।
স্থানীয়রা জানান, সকাল থেকেই সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে ঢোকে।
একই সময়ে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনুর নেতৃত্বে এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে আলাদা মিছিল বের হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে আসেন। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। মিছিলগুলো শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এসে একত্রিত হয়। বিক্ষোভকারীদের উপস্থিতি ও স্লোগানে শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে অস্ত্র হাতে বিক্ষোভকারীরা পুরাতন লঞ্চঘাট থেকে শহরের ব্যাংকপাড়ায় দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে যায়। এ সময় দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে দেয় তারা। একই সঙ্গে দলটির সভানেত্রীর দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
এরপর শহরের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লঞ্চঘাট এলাকার জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্সে হামলা চালিয়ে ক্ষতি করে তারা। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলকের জায়গায় দলীয় ব্যানার টাঙানো হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়।
পরে তারা গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশের একটি এপিসির (বিশেষ সাঁজোয়া যান) ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভকারীরা এপিসির গায়ে বিভিন্ন স্লোগানও লিখে দেয়। এ সময় প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এতে বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত প্রায় পৌনে তিন ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। সে সময় সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
এদিকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিকেল ৪টায় স্থানীয় সার্কিট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, গোপালগঞ্জে আগে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। নতুন করে আরও ৩ প্লাটুন যুক্ত হয়েছে। জেলায় বর্তমানে মোট ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ঘেরাও করে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা যৌথবাহিনী শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে এনেছে। সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো অপচেষ্টা সহ্য করা হবে না।
সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, জেলার নিরাপত্তায় পুলিশ, এপিবিএন ও আরআরএফের ১ হাজার ৩৫০ জন সদস্য মোতায়েন রয়েছেন।
অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: