[email protected] ঢাকা | সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬, ২রা অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

বছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৬, ২২:৪৬

ছবি: সংগ্রহীত

বাংলাদেশ ২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের ফল রপ্তানি করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের (দিনাজপুর-২) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। খবর বাসসের।

মন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ভারত, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ফল রপ্তানি করে বাংলাদেশ। এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশ, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, কাতার ও ভিয়েতনামেও বাংলাদেশের ফলের বাজার রয়েছে।

তিনি জানান, আমসহ কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিশেষ করে চীনে আম রপ্তানির সুযোগ বাড়াতে দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের (জিএসিসি) নিবন্ধন পেতে রপ্তানিকারকদের সহযোগিতা করা হচ্ছে। ইপিবির সহায়তায় চট্টগ্রামের মেরিডিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইতোমধ্যে এ নিবন্ধন পেয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আম, কাঁঠালসহ কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে উৎপাদন, সংগ্রহ, বাছাই, প্যাকেজিং ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারের শর্ত পূরণ এবং রপ্তানি প্রক্রিয়া সম্পর্কে কৃষক ও রপ্তানিকারকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে ইপিবি একটি সমীক্ষা করছে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের কর্মসূচি নেওয়া হয়েছে।

এসব উদ্যোগের মাধ্যমে কৃষিপণ্যের রপ্তানি বহুমুখীকরণ, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্য রয়েছে বলে জানান মন্ত্রী।

 

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর