প্রকাশিত:
৬ সেপ্টেম্বার ২০২৬, ২০:২৩
রাজশাহীর কাশিয়াডাঙ্গায় অবস্থিত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) প্রান্তিক আবাসিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সুইট।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরডিএ চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন সাইফি রহমান, শামীম, লাল্টু, বাঁধন, আনারুল, মোহন ও রাতুলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় প্রান্তিক আবাসিক এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আবাসিক এলাকাকে আরও নান্দনিক ও বসবাস উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, একটি পরিকল্পিত আবাসিক এলাকার উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করাও জরুরি। নগরায়নের ফলে দিন দিন সবুজের পরিমাণ কমে আসছে। তাই আবাসিক এলাকাসহ নগরের বিভিন্ন স্থানে বেশি করে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।
আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে। পরিকল্পিত আবাসিক এলাকায় পর্যাপ্ত সবুজায়ন নিশ্চিত করা হলে একদিকে যেমন পরিবেশ সুন্দর হবে, অন্যদিকে বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ তৈরি হবে।
তিনি বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অংশ নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: