প্রকাশিত:
৪ সেপ্টেম্বার ২০২৬, ১৭:১৮
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক পদায়ন লাভ করেছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ড. এ এন এম বজলুর রশীদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ এই পদে তাঁর পদায়নে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও আনন্দ প্রকাশ করা হয়েছে।
ড. এ এন এম বজলুর রশীদ তাঁর দীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ারে সততা, কর্মদক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। নতুন এই দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সেবার মান বাড়াতে তিনি আরো গতিশীল ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
তাঁর এই অর্জনে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সমিতিটির পক্ষে সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো: নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মো: দেলোয়ার হোসেন এক অভিনন্দন বার্তা প্রদান করেন।
শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, "ড. এ এন এম বজলুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ জেলার এক গর্বিত সন্তান। সরকারের উচ্চপর্যায়ে তাঁর এই পদোন্নতি পুরো জেলাবাসীর জন্য চরম আনন্দ ও গৌরবের। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে পেশাগত জীবনের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করছি।"
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: