প্রকাশিত:
২৭ জুন ২০২৬, ১২:৩৭
চলমান আম মৌসুমে ব্যবসায়ীদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখা আজ শনিবারও (২৭ জুন) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এসডিএডি বিভাগের পরিচালক মো. আবদুল মান্নান সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন শনিবার সীমিত পরিসরে এসব ব্যাংক শাখা ও উপশাখা খোলা থাকবে।
এ সুবিধা পাবেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা, নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখার গ্রাহকরা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আম মৌসুমে ব্যবসায়ীদের নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, জমা গ্রহণ সহজ করা এবং নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া ছুটির দিনে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: