[email protected] ঢাকা | শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬, ৭ই ফাল্গুন ১৪৩২
thecitybank.com

পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ২০:৩৮

সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি/সংগ্রহীত

পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশা পূরণে সরকার দ্রুত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চায়। পুলিশসহ বিভিন্ন বাহিনীর মধ্যে গণতান্ত্রিক সংস্কারের জন্য প্রথমে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও নৈতিকতা উন্নতকরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। এ লক্ষ্য অর্জনে আমাদের প্রয়োজনীয় জনবল নিয়োগ প্রদান করতে হবে। এখানে অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট মঞ্জুরির বিষয়ও রয়েছে। নতুন জনবল নিয়োগের মাধ্যমে এবং সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা লক্ষ্য অর্জন করতে চাই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যুগোপযোগী উন্নয়নে সঠিক পরিকল্পনা দরকার। মন্ত্রী এ সময় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন। মন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে আমরা যে সংস্কার করতে চাই, তার অগ্রাধিকার নির্ধারণ করা হবে।’

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) দেলোয়ার হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানেরা উপস্থিত ছিলেন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর