প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭ টা থেকেই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট শুরুর পর থেকে একাধিক কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই ভোট শুরুর নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে এসে অবস্থান নিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আঙ্গারিয়া পাড়ার মাসুম বলেন, দীর্ঘদিন পর ভোট দিতে পারছি। তাই উৎসব মুখর পরিবেশে ভোট দিতে সকাল বেলায় চলে এসেছি। আশা করছি সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে।
আরেক নারী ভোটার কুলসুম বলেন, বাড়িতে অনেক কাজ থাকে। তাই সকাল বেলা ভোট দিয়ে ঝামেলা শেষ করতে এসেছি। এছাড়া দায়বদ্ধতা থেকেই ভোট দিচ্ছি।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন এবং ৫১৮ টি ভোটকেন্দ্র রয়েছে যার মধ্যে ০৩ টি পোস্টাল ব্যালট কেন্দ্র। এছাড়া নির্বাচনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ২১ জন এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন ১০ জন দায়িত্বে রয়েছেন।
মাঠের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে স্ট্রাইকিং টিম হিসেবে ৫৩ বিজিবির ৪ প্লাটুন, ৫৯ বিজিবির ৩০০ সদস্য, র্যাবের ৫৬ জন, আনসার ব্যাটালিয়নের ৮৮ জন ও বাংলাদেশ সেনাবাহিনীর ৬০০ জন মাঠে মোতায়েন আছে।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ৫১৮টি ভোটকেন্দ্রে ১ হাজার ৮২ জন পুলিশ, ৬ হাজার ৬৯৫ জন আনসার ভিডিপির সদস্য ও ৪৪০ জন গ্রাম পুলিশের সদস্য ভোটকেন্দ্রে মোতায়েন রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: শাহাদাত হোসেন মাসুদ জানান, উৎসব মুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে ভোট গ্রহন চলছে। কোন আশংঙ্খা নেই। আশা করি ভালোভাবে ফলাফল প্রকাশ করে আমাদের উপর অর্পিত দায়িত্ব শেষ করতে পারবো।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: