[email protected] ঢাকা | শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬, ৮ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

ট্রাক উল্টে পড়ল প্রাইভেটকারের ওপর, মা-ছেলের মৃত্যু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ অক্টোবার ২০২৬, ২০:৪৮

প্রতিকী ছবি

ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাক উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছে। এতে এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওন (৭)।

জানা গেছে, বাবার বাড়ি মাগুরা জেলার মোহম্মদপুর থেকে প্রাইভেটকার যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন সুমির পরিবার। এ সময় বিপরীত দিক থেকে একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাইভেটকারটিকে চাপা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমি ও তার ছেলের মৃত্যু হয়। আহত ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় প্রাইভেটকারের পাশাপাশি একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুর নিচে প্রাইভেটকারের ভেতরে একজন আটকা পড়েছিলেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর