[email protected] ঢাকা | শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬, ১৬ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

অনুমোদিত নকশা অনুযায়ী ড্রেন-রাস্তা নির্মাণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৬, ২০:১০

মানববন্ধনে বক্তারা। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী ড্রেন ও রাস্তা নির্মাণ এবং নির্ধারিত প্রস্থ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও সচেতন নাগরিকরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বড় ইন্দিরা মোড় সংলগ্ন ঝিলিম রোডে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের এলাকাবাসী ও সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় ৩৫-৪০ জন অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কারও ব্যক্তিগত স্বার্থে নয়, জনস্বার্থে রাস্তা চাই।’ তাদের অভিযোগ, বর্তমানে বড় ইন্দিরা মোড় থেকে ঝিলিম রোড পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ চলছিল। তবে নকশা অনুযায়ী নির্মাণ না করার অভিযোগ ওঠায় এলাকাবাসীর আপত্তির মুখে বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

এলাকাবাসীর দাবি, পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী ড্রেন নির্মাণ করতে হবে। নকশার মধ্যে যেসব ভবন বা স্থাপনা পড়েছে, সেগুলো প্রয়োজনীয় নিয়ম মেনে অপসারণ করে রাস্তার নির্ধারিত প্রস্থ বজায় রাখতে হবে। তাদের অভিযোগ, কিছু বাড়ির মালিক পৌরসভা ও সংশ্লিষ্ট মহলকে প্রভাবিত করে অনুমোদিত নকশার বাইরে ড্রেন নির্মাণে সহায়তা করছেন। এভাবে নকশাবহির্ভূতভাবে ড্রেন নির্মাণ করা হলে রাস্তার প্রস্থ কমে গিয়ে ভবিষ্যতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হবে।

বক্তারা অবিলম্বে অনুমোদিত নকশা অনুযায়ী ড্রেন ও রাস্তার নির্মাণকাজ বাস্তবায়নের জন্য পৌরসভা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে জনস্বার্থে সঠিক মাপ ও নকশা অনুসরণ করে টেকসই নির্মাণকাজ নিশ্চিত করার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধনে নেতৃত্ব দেন শহর বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম রসুল। এ সময় শহর যুবদলের সদস্য শওকত হোসেন, শহর বিএনপির ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি ইজাবুল হকসহ স্থানীয় এলাকাবাসী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর