[email protected] ঢাকা | রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬, ১১ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

ডেঙ্গু ও ছিনতাই ঠেকাতে চককীত্তিতে রাস্তা পরিষ্কার করলেন চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বার ২০২৬, ২২:৪৪

ছবি: সংগ্রহীত

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে রাস্তার দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করায় পথচারীদের চলাচল আরও নিরাপদ হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চককীত্তি ইউনিয়ন পরিষদের উদ্যোগে পুষকুনি থেকে বসন্তপুর গ্রামগামী সড়কসহ বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

চককীত্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞার নির্দেশনায় এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে ইউনিয়ন পরিষদের আশপাশ, যাত্রীছাউনি, রাস্তা ও ড্রেন পরিষ্কার করা হয়। পাশাপাশি রাস্তার পাশে ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং ঝোপঝাড় অপসারণ করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়।

স্থানীয়রা জানান, পুষকুনি-বসন্তপুর সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে ঝোপঝাড় থাকায় চলাচলে অসুবিধার পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছিল। ঝোপঝাড়ের কারণে রাস্তাটি অনেকটা আড়াল হয়ে থাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের আশঙ্কা তৈরি হতো। রাস্তার দুই পাশ পরিষ্কার হওয়ায় পথচারীদের চলাচল সহজ ও নিরাপদ হবে বলে তারা মনে করছেন।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ৫ নম্বর চককীত্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. শফিউল ইসলাম পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অভিযান শেষে চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা বলেন, “ডেঙ্গুর বিস্তার রোধে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে এবং এডিস মশা যাতে বংশবিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখলে মানুষের চলাচলও নিরাপদ হবে।”

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর