প্রকাশিত:
১৩ সেপ্টেম্বার ২০২৬, ১২:৪১
টানা ১০ দিন একটানা বাড়ার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে, যা নদীপাড়ের মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে, রোববার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পদ্মায় ৬ সেন্টিমিটার পানি কমেছে এবং পাঙ্খা পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭৩ মিটার।
তবে পদ্মায় পানি কমলেও উদ্বেগ এখনো কাটেনি; গত ২৪ ঘণ্টায় জেলার মহানন্দা নদীতে ৩ সেন্টিমিটার এবং পূনর্ভবা নদীতে ৪ সেন্টিমিটার পানি বেড়েছে।
গত ২ সেপ্টেম্বর থেকে পদ্মায় পানি শুরু হয়ে ১১ সেপ্টেম্বর থেকে তা বিপৎসীমার খুব কাছাকাছি চলে আসে। এর ফলে সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় সাড়ে ৩ হাজার পরিবার এখনো পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। এছাড়াও এই দুই উপজেলার ২৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যহত হচ্ছে এবং ১৩০.৪০ হেক্টর ফসল আক্রান্ত হয়েছে। এছাড়াও পানিবন্দি এলাকাগুলোতে ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও দেখা দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, পদ্মার পানি দ্রুতই নেমে যাবে এবং মহানন্দা ও পূনর্ভবার পানিও আগামী ২-৩ দিনের মধ্যে কমতে শুরু করবে, যার ফলে প্লাবিত এলাকাগুলো দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: