প্রকাশিত:
৮ সেপ্টেম্বার ২০২৬, ১৭:১৩
চাঁপাইনবাবগঞ্জ জেলা হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে রেজাউল করিম সভাপতি ও দেলোয়ার হোসেন সবুজ সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জের ফুট অফিস মোড়স্থ স্বপ্নীল কমিউনিটি সেন্টারে সংগঠনটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন সবুজের সঞ্চালনায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল সবুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং ২০৩ট) সহ-সভাপতি এবং হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আক্তারুজ্জামান খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উপদেষ্টা হাফেজ গোলাম রাব্বানী, সংগ্রাম পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক সমর চন্দ্র সরকার এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসমত আলী।
সভায় বক্তারা বলেন, দেশের প্রায় ৪০ লাখ হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের জন্য ২০২৫ সালের ৫ মে সরকার নিম্নতম মজুরির গেজেট প্রকাশ করে। কিন্তু ১৭ মাস অতিক্রান্ত হতে চললেও এই মজুরি বাস্তবায়নে সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কিংবা শ্রম দপ্তর কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। গত ৩১ আগস্ট স্মারকলিপি প্রদান করা হলেও সরকার বা মালিকপক্ষের পক্ষ থেকে আলোচনার কোনো আশ্বাস পাওয়া যায়নি।
বক্তারা আরও উল্লেখ করেন, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির কারণে স্বল্প মজুরিতে পরিবার নিয়ে বাঁচাই কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি রেশন সুবিধা না থাকায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে মানবেতর দিন কাটাচ্ছেন।
অবিলম্বে শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন ও নিম্নতম মজুরির গেজেট বাস্তবায়নের জোর দাবি জানান শ্রমিক নেতারা। দাবি আদায় না হলে চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: