প্রকাশিত:
৬ সেপ্টেম্বার ২০২৬, ১৯:৩৮
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের খাবার খেয়ে আবারও অন্তত ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গ্রামীণ উন্নয়ন সংস্থা ‘গাক’ (GUK) কর্তৃক সরবরাহকৃত রুটি ও ডিম খাওয়ার পর এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ৭ জন শিশু শিক্ষার্থীকে আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, রবিবার দুপুরে ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে সংস্থাটির সরবরাহ করা রুটি ও ডিম বিতরণ করা হয়। খাবার খাওয়ার পরপরই একে একে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে থাকে। তাৎক্ষণিকভাবে অসুস্থ শিশুদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে ৭ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়। ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ জন ছাত্র ও ৪ জন ছাত্রী।
এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. জমির মো. হাসিবুস সাত্তার জানান, প্রাথমিক ধরণা অনুযায়ী ফুড পয়জনিং থেকেই শিশুগুলো অসুস্থ হয়ে পড়েছে। তবে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর নিশ্চিতভাবে মূল কারণ জানা যাবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এ, কে,এম, শাহাব উদ্দীন বলেন, ইউএনও স্যার, শিক্ষা প্রাথমিক অফিসের প্রতিনিধিসহ আমি এখন গাকের অফিসে আছি। আমরা পর্যবেক্ষণ করছি পরে আমাদের সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও অন্তত তিন দফায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গাক-এর সরবরাহ করা নষ্ট ও পচা খাবার খেয়ে অনেক শিশু অসুস্থ হয়েছিল। সে সময় পচা খাবার সরবরাহের দায়ে সংশ্লিষ্ট সংস্থাটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছি।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: