প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৬, ১৪:৩৩
ইউএনও-র বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া দুই চেয়ারম্যান হলেন- নাচোল ইউপির সফিকুল ইসলাম ও কসবা ইউপির জাকারিয়া আল মেহরাব। তারা দুইজনই স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ আগস্ট প্রজ্ঞাপনটি জারি করা হয় এবং এরইমধ্যে এটি কার্যকর করা হয়েছে। আজকে জেলা প্রশাসকের কার্যলয় থেকে এ সংক্রান্ত নোটিশ জারি হবে।
কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া মেহরাব বলেন, নোটিশ পেয়েছি। ১০ কার্যদিবসের মধ্যে যথাযথ জবাব দিবো।
নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, বর্তমানে নাচোল উপজেলা পরিষদের ইউএনও আওয়ামী লীগের দোষর। সে ফ্যামেলী কার্ড
এ নিয়োগের সময় আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দিয়েছে। তাই আমরা এই প্রতিবাদ করেছি, কোন অন্যায় করেনি। কিন্ত আজকে সকালে নোটিশ পেয়েছি। আমরা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিবো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- গত ১০ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। ওই ফলাফল প্রত্যাখ্যান করে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও জাকারিয়া আল মেহরাব নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব প্রিয়াংকা দাসের বিরুদ্ধে প্রকাশ্যে জনসম্মুখে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য প্রদান করেন। জনপ্রতিনিধি হিসেবে তাদের এমন আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ আগষ্ট বেলা ১১ টার দিকে নাচোলে ফ্যামিলি কার্ডের আদমশুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে নাচোল উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক ভবনে তালা দেয় পৌর ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই সময় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকা এবং যোগ্যদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার অভিযোগে তুলে ক্ষোভও প্রকাশ করেন তারা।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: