[email protected] ঢাকা | বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১০ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে প্রাণিসম্পদ হাসপাতালে জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৬, ১৮:২৩

গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারী হাসপাতাল। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে তীব্র জনবল সংকটে ব্যাহত হচ্ছে প্রাণিসম্পদ চিকিৎসাসেবা। খাতা-কলমে ১১টি পদে জনবল থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র তিনজন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অফিস সহকারী, অফিস সহায়ক ও ড্রেসারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া কর্মরতদের মধ্যে কেউ ডেপুটেশনে এবং কেউ প্রশিক্ষণে থাকায় কার্যত হাসপাতালে জনবল আরও কমে গেছে। ফলে সীমিত জনবল দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে গবাদিপশুর বিভিন্ন রোগবালাই দেখা দেওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যাও বেড়েছে। প্রতিদিন গড়ে ৮০ থেকে ১০০টি গবাদিপশুকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সীমিত জনবল দিয়ে এত বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে চিকিৎসকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন খামারি ও গবাদিপশুর মালিক জানান, প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। দ্রুত জনবল নিয়োগ দেওয়া হলে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে বলে তারা মনে করেন।

গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. ওয়াসীম আকরাম বলেন, “জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা দিতে আমাদের বেশ সমস্যায় পড়তে হচ্ছে। যত দ্রুত সম্ভব শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।”

স্থানীয় খামারি ও গবাদিপশুর মালিকদের সেবার কথা বিবেচনা করে দ্রুত জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শ.আ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর