প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৬, ১৮:০৬
কিশোরীদের কৈশোরকালীন স্বাস্থ্য, পুষ্টি, ব্যক্তিগত পরিচর্যা, প্রজনন স্বাস্থ্য, নিরাপদ স্যানিটেশন ও জীবন দক্ষতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে একদিনব্যাপী “কৈশোরকালীন স্বাস্থ্য, পুষ্টি ও জীবন দক্ষতা বৃদ্ধি বিষয়ক বুট ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় আয়োজিত এ কর্মসূচিতে অত্র বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন কিশোরী শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ বুট ক্যাম্পে কিশোরীদের জন্য মোট ৯টি শিক্ষামূলক বুথ স্থাপন করা হয়। শিক্ষার্থীরা প্রতিটি বুথে ২০ মিনিট করে সময় দিয়ে পুষ্টি, ইভটিজিং প্রতিরোধ, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, প্রজনন স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন ও স্যানিটেশন, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা এবং জীবন দক্ষতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে জ্ঞান ও সচেতনতা অর্জন করে।
বুট ক্যাম্পের প্রতিটি সেশনের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শেখার বিষয়গুলো যাচাই করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। একইসঙ্গে ডেঙ্গুর প্রকোপ, ঝুঁকি ও প্রতিরোধের উপায় নিয়েও শিক্ষার্থীদের সচেতন করা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস শিক্ষার্থীদের বাল্যবিবাহ প্রতিরোধে শপথ পাঠ করান। এ সময় উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বাল্যবিবাহ বন্ধে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, কৈশোরকাল একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়। এ সময়ে কিশোরীদের সঠিক স্বাস্থ্যসেবা, পুষ্টি, পরিচর্যা, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান এবং জীবন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি। কিশোরীদের নিরাপদ ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয়, সমাজ, স্থানীয় প্রশাসন এবং উন্নয়ন সহযোগীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াল্ড ভিশন বাংলাদেশের এডিপি ম্যানেজার মানুয়েল হাসদা। এই সময় তিনি বলেন, “কিশোরীদের শুধু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জ্ঞান দিলেই হবে না; তাদের আত্মবিশ্বাসী, সচেতন ও জীবনমুখী দক্ষতায় সমৃদ্ধ করে তুলতে হবে। একইসঙ্গে বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য ঝুঁকি থেকে কিশোরীদের সুরক্ষায় পরিবার, বিদ্যালয় ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি সিভিল সার্জন অফিস চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার মোছা. শামসুন নাহার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস এবং হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম।
এছাড়া হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির আক্তার ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার লিন্ডা রিছিল ও প্রোগ্রাম অফিসার মো. আনোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বুট ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে সরাসরি জ্ঞান অর্জন, প্রশ্নোত্তর, কুইজ ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে কৈশোরকালীন স্বাস্থ্য ও জীবন দক্ষতা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করে। উপস্থিত সকলে আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কিশোরীদের সুস্থ, সচেতন, আত্মবিশ্বাসী ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
ম.হ/ও.ভি.ব/আ.আ
মন্তব্য করুন: