[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬, ২৮শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শিক্ষার্থীদের ডিসি কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৬, ১৬:৩৫

বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শিক্ষার্থীদের জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে, বিশেষ করে বারঘরিয়ার পলিটেকনিক এলাকায় অব্যাহত ও অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। বিদ্যুৎ ব্যবস্থার দ্রুত উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন এবং জেলা প্রশাসক বরাবর ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেন।

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সমবেত হয় এবং কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

ঘেরাও কর্মসূচিশালে শিক্ষার্থীরা বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতা ও প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে বিভিন্ন ক্ষোভপ্রকাশক স্লোগান দেন। তাঁদের হাতে "বিদ্যুতের জন্য আন্দোলন করতে হবে কেন?", "বিদ্যুৎ ছাড়া কীভাবে পড়াশোনা হবে? জবাব চাই", "অন্ধকার থেকে মুক্তি চাই, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই"—ইত্যাদি বার্তাসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড শোভা পায়।

প্রতিবাদে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বারঘরিয়া ও পার্শ্ববর্তী এলাকায় মাত্রাতিরিক্ত লোডশেডিং চলছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। বিশেষ করে পরীক্ষার সময় রাতে বিদ্যুৎ না থাকায় লেখাপড়া চালানো অসম্ভব হয়ে পড়েছে। রাত নামলেই দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা এখন নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে।

শিক্ষার্থীরা স্পষ্ট জানান, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পলিটেকনিক এলাকায় কোনোভাবেই লোডশেডিং করা যাবে না এবং এই সময়সূচিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে হবে। সমাবেশ থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়, দ্রুততম সময়ের মধ্যে এই বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান করা না হলে আগামীতে আরও কঠোর ও বিস্তৃত আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন শিক্ষার্থীরা।

ঘেরাও কর্মসূচি শেষে শিক্ষার্থীরা তাঁদের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী শিক্ষার্থীদের সকল দাবির কথা মনোযোগসহকারে শোনেন। তিনি শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে জানান, তাঁদের যৌক্তিক দাবিগুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং কার্যকর পদক্ষেপ নেবেন।

প্রতিবাদী এই কর্মসূচিতে ছাত্র আন্দোলনের নেতা ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রহিম, মাসুম বিল্লাহ, রিপন আলীসহ ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর