প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৬, ১৯:৪৮
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন গঠন, ভূমির অধিকার নিশ্চিত করা এবং জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবিতে রাজশাহীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।
রোববার (০৯ আগষ্ট) সকালে গোদাগাড়ী উপজেলার কাকনহাটে রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে সিসিবিভিওর শাখা কার্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।কর্মসূচির শুরুতে আদিবাসী সামাজিক নেতৃবৃন্দ ও রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের শতাধিক সদস্যের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক শোভাযাত্রা বের করা হয়।
ঐতিহ্যবাহী সাজসজ্জা ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রাটি কাকনহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।এরপর সিসিবিভিও শাখা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন।
আলোচনায় বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর স্বতন্ত্র জাতিসত্তা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যথাযথ সাংবিধানিক স্বীকৃতি এখনো নিশ্চিত হয়নি। ফলে বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন।বক্তারা বলেন, আদিবাসীদের জীবন-জীবিকার সঙ্গে ভূমির সম্পর্ক অত্যন্ত গভীর। কিন্তু ভূমি দখল, ভূমি বিরোধ এবং মালিকানা সংক্রান্ত জটিলতায় অনেক পরিবার তাদের নিজস্ব ভূমি হারিয়েছেন। এসব সমস্যা সমাধানে দ্রুত পৃথক ও কার্যকর আদিবাসী ভূমি কমিশন গঠন করতে হবে।
আলোচনায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন, ভূমির অধিকার, জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিশেষ সুযোগসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। অধিকার আদায়ে আদিবাসীদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান বক্তারা।
অনুষ্ঠানে সিসিবিভিওর সহকারী প্রকল্প সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন, ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, কর্মসূচি কর্মকর্তা রুমা লাভলি মুর্মু, পৌল টুডু, যোশেফ হাঁসদাসহ বিভিন্ন এলাকার সমাজ সংগঠকরা উপস্থিত ছিলেন।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: