প্রকাশিত:
২১ জুলাই ২০২৬, ১৮:৩১
রাজশাহী নগরীর নতুন বিল শিমলা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে রাস্তার নির্ধারিত জায়গা না রেখে ভবন নির্মাণের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা সরেজমিনে যাচাই করেন। এ সময় তার সঙ্গে আরডিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড. আনোয়ার হোসেন ও তার সঙ্গে সংশ্লিষ্ট শেয়ার মালিকরা রাস্তার জন্য নির্ধারিত জায়গা না রেখেই একতলা ভবন নির্মাণ করেছেন। এতে এলাকার চলাচলের পথ সংকুচিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে জনদুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।
পরিদর্শনকালে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট অভিযোগের বিষয়ে অভিযুক্ত ড. আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে তিনি ফোন রিসিভ করেননি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে চেয়ারম্যান বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান, যাতে রাস্তার জায়গা সংরক্ষণ নিশ্চিত করা যায় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধ করা সম্ভব হয়।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: