প্রকাশিত:
১ জুলাই ২০২৬, ২১:১৬
চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান থেকে টোল আদায় বন্ধ এবং এই যানগুলোকে সম্পূর্ণ টোলমুক্ত ঘোষণার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় চালক ও শ্রমিকরা।
বুধবার (০১ জুলাই) বিকেলে মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর উত্তর প্রান্তে এই কর্মসূচি পালন করা হয়।
জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং শত শত চালক প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেন। দীর্ঘ সময় সড়ক আটকে বিক্ষোভ করায় ওই এলাকার একাংশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে সাময়িক চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া চালক ও শ্রমিকরা অভিযোগ করেন, খেটে খাওয়া সাধারণ অটোরিকশা ও ভ্যান চালকদের কাছ থেকে নিয়মিত টোল আদায় করা অত্যন্ত অন্যায্য ও অযৌক্তিক। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রতিদিনের আয়ের একটা বড় অংশ টোল হিসেবে দিয়ে দেওয়া তাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। অবিলম্বে এই টোল ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার করে অটোরিকশা ও ভ্যানগুলোকে টোলমুক্ত ঘোষণা করার জোর দাবি জানান তারা।
শ্রমিকদের এই যৌক্তিক দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী, বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং চাঁপাই পৌর একতা অটো শ্রমিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. রকি।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গরিব ও মেহনতি মানুষের পকেট কাটার এই টোল প্রথা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই সমস্যা সমাধানের জোর তাগিদ দেন। একই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, যদি অনতিবিলম্বে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানকে টোলমুক্ত ঘোষণা করা না হয়, তবে দাবি আদায়ে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচি চলাকালে শ্রমিকরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং একটি বিক্ষোভ মিছিল নিয়ে চারপাশ প্রদক্ষিণ করেন। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক আশ্বাস এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে প্রায় দুই ঘণ্টা পর শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: