প্রকাশিত:
২৪ জুন ২০২৬, ১২:২৪
চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নিউ মার্কেটের দোতলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের দোতলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ থেকে হঠাৎ ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ৩ থেকে ৪ টি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা চিৎকার শুরু করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং পরে শিবগঞ্জ থেকে ২ টি ও নাচোল থেকে আরোও ১ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তারা স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ জানান, খবর পাওয়ার পরপরই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, সকাল ৮ টা ২৫ মিনিটের দিকে আমরা আগুন লাগার বিষয়টি জানতে পারি। তারপর প্রাথমিকভাবে ৩ টি ইউনিট কাজ শুরু করে। পরে শিবগঞ্জ ও নাচোল উপজেলা থেকে আরোও ৩ টি ইউনিট যোগ দেয়। প্রায় ১ ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা সাড়ে ১১ টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি।
এছাড়া নিউমার্কেট এলাকা তাক্ষণিকভাবে পরিদর্শন করেছেন চাঁপাইনাববগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, র্যাবের প্রতিনিধিদল, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর আবু জার গিফারীসহ প্রতিনিধিদল।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: