প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৮
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নির্মিত রাবার ড্যামটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ এবং এটি বর্তমানে একটি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষিত। রাষ্ট্রীয় এই স্থাপনার সুরক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসী ও দর্শনার্থীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক মানুষ অসতর্কভাবে রাবার ড্যামের ওপর উঠে চলাফেরা করছেন এবং এর আশেপাশে গোসল ও মাছ ধরার মতো কাজ করছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ড্যামের সংলগ্ন এলাকায় পানির প্রবল স্রোত ও গভীরতা যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। এছাড়া ড্যামের ওপর সাধারণ মানুষের অবাধ যাতায়াতের ফলে এই স্পর্শকাতর জাতীয় স্থাপনার যান্ত্রিক ও অবকাঠামোগত ক্ষতির বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে।
এমতাবস্থায়, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং জাতীয় এই সম্পদকে অক্ষত রাখতে জেলা পুলিশ এলাকাবাসীকে রাবার ড্যামের ওপর ওঠা, এর পাশে গোসল করা এবং মাছ ধরা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। জনস্বার্থে প্রচারিত এই নির্দেশনা অমান্য করলে যেকোনো সময় বড় বিপদের আশঙ্কা রয়েছে বলে পুলিশ বিভাগ থেকে সতর্ক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, মহানন্দা রাবার ড্যামটি চাঁপাইনবাবগঞ্জ জেলার অহংকার ও রাষ্ট্রীয় সম্পদ। আমরা লক্ষ্য করছি যে, অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ড্যামের ওপর উঠছেন এবং গোসল করছেন। এটি শুধু স্থাপনার জন্যই ক্ষতিকর নয়, বরং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানি হতে পারে। আমরা এলাকাবাসীর নিরাপত্তার কথা চিন্তা করেই এই কঠোর বার্তা দিচ্ছি। ড্যামের ওপর ওঠা বা আশেপাশে গোসল ও মাছ ধরা থেকে বিরত থাকতে আমরা সবার সহযোগিতা কামনা করছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমরা কঠোর আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: