[email protected] ঢাকা | সোমবার, ২৭শে এপ্রিল ২০২৬, ১৪ই বৈশাখ ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে বিএনপি নেতার পাম্পে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, আটক-৩

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৬, ২৩:৪৯

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক পুলিশ সদস্য মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় পাম্পের ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) বিকেলে নাচোল থানায় কর্মরত পুলিশ সদস্য শাখাওয়াত রহনপুর পৌর এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। স্টেশনটি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের মালিকানাধীন।
এ সময় স্টেশনের কর্মীদের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, পাম্প মালিকের ছেলে ও গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান এবং তার সহযোগীরা ওই পুলিশ সদস্যকে মারধর করে বলে অভিযোগ ওঠে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মারধরের ঘটনায় আহত পুলিশ সদস্যকে স্থানীয়রা ও থানা পুলিশ উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাম্পের ম্যানেজারসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আ.ও/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর