[email protected] ঢাকা | বুধবার, ৮ই এপ্রিল ২০২৬, ২৫শে চৈত্র ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে আ. লীগ সন্ত্রাসী ও মাদককারবারীদের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৬, ২০:২০

আ. লীগ সন্ত্রাসী ও মাদককারবারীদের বিচারের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের দুর্লভপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মাদককারবারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এলাকায় অবাধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার (০৮ এপ্রিল) সকালে জেলার দুর্লভপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে স্থানীয় শত শত নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দুর্লভপুর ইউনিয়নের চিহ্নিত মাদককারবারী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদ, জুলমত ও সাদ্দাম দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাদের ছত্রছায়ায় মাদক ব্যবসা এতটাই বিস্তার লাভ করেছে যে, এলাকার যুব সমাজ ও কিশোররা মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে। মাদকের হাতছানিতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ডে।

বক্তারা আরও বলেন, “এসব মাদক কারবারীদের ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পেত না। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। অবিলম্বে এই সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আলী, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বজলুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা তোফিকুল ইসলাম ও ভুক্তভোগী মিনু বেগমসহ আরও অনেকে।

বক্তারা প্রশাসনের প্রতি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয়, তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন।

শান্তিপ্রিয় এলাকাবাসী মনে করছেন, মাদক নির্মূল না হলে এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে দুর্লভপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

আ.ও/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর