[email protected] ঢাকা | বুধবার, ৮ই এপ্রিল ২০২৬, ২৫শে চৈত্র ১৪৩২
thecitybank.com

ভোলাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৬, ১৫:০৫

ভোলাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বীরেশ্বরপুর গ্রামের বীরেশ্বরপুর যুব সংঘের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আনসারুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকেই বীরেশ্বরপুর যুব সংঘ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছে। সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নলকূপ স্থাপন, দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, কুরআন শিক্ষা প্রদান এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া সমাজে মাদকের বিস্তার রোধে আইনি সহায়তা ও সচেতনতা কার্যক্রমও চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

তিনি আরও বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় সম্প্রতি কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করে সামাজিকভাবে সতর্ক করা হয় এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এমনকি তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করার চেষ্টা করা হয়।

কিন্তু এসব কার্যক্রমের জের ধরে সুরানপুর গ্রামের মোঃ দুরুল হোদার ছেলে মাদক ব্যবসায়ী সফিকুল ইসলাম বাদি ও সেবনকারীদের স্বাক্ষী করে গত ২ এপ্রিল ভোলাহাট থানায় সংগঠনের ৬ জন সদস্যের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫-৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে দাবি করেন আনসারুল ইসলাম।

তিনি অভিযোগ করে বলেন, সামাজিক উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি এবং সংগঠনকে হয়রানির উদ্দেশ্যে এ মিথ্যা মামলা করা হয়েছে। তাই দ্রুত এ মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সংগঠনের পরিচালক মো. মোমিন ইসলাম, সভাপতি মো. আলমগীর, সেক্রেটারি মো. আলমগীর, সদস্য মো. শাহাদাত হোসেন, উপদেষ্টা মো. একরামুল হকসহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

আ.হ.র/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর