প্রকাশিত:
১ মার্চ ২০২৬, ২০:৩৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ-কে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ), চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণে তিনি সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেন। নির্বাচনের প্রতিটি ধাপে তাঁর কঠোর তদারকি ও নিরপেক্ষ ভূমিকার কারণে তিনি স্থানীয় পর্যায়ে 'সফল ভোটের কারিগর' হিসেবে ব্যাপক প্রশংসিত হন।
২০২৫ সালের নভেম্বরে জেলায় যোগদানের পর থেকে স্বল্প সময়ের কর্মকালেই তিনি প্রশাসনিক দক্ষতা ও সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছিলেন। সরকারের নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জসহ আরও পাঁচটি জেলার ডিসিকে একযোগে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে এই আদেশকে জনস্বার্থে জারি করা হয়েছে বলে উল্লেখ করা হলেও, সফল একটি নির্বাচন সম্পন্ন করার পরপরই তাঁর এই বিদায়ে জেলায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা পরবর্তী আদেশে জানানো হবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: